দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। চুক্তি ভেঙে ‘ব্ল্যাক উইডো’ সিনেমাটি অনলাইনে মুক্তি দেওয়ার প্রতিবাদে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জুলাই) তিনি এ মামলা দায়ের করেন।

লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় অভিনেত্রী জানিয়েছেন, তার সঙ্গে চুক্তি অনুযায়ী সিনেমাটি শুধু প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা ছিলো। কিন্তু ওয়াল্ট ডিজনি সেই কথার বরখেলাপ করে প্রেক্ষাগৃহের পাশাপাশি অনলাইনেও মুক্তি দেয়। অথচ অনলাইনে মুক্তির বিষয়ে নায়িকার সঙ্গে কথাও বলেনি প্রতিষ্ঠানটি।

কোভিডকালে সম্প্রতি মুক্তি পাওয়া এই সুপারহিরো ছবি থেকে প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ ২১৮ মিলিয়ন ডলার আয় করে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় সপ্তাহে ছবিটি স্ট্রিমিং করা হয় অনলাইনে।

স্ট্রিমিং সাইটে মুক্তির পর সিনেমাটির বক্স অফিস কালেকশন ধীরে ধীরে হ্রাস পাওয়া শুরু করে। এতে বিপুল পরিমাণ আয় থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী স্কারলেট। প্রেক্ষাগৃহে যত টিকিট বিক্রি হবে, চুক্তি মোতাবেক সেই হিসেবের ওপর ভিত্তি করেই টাকা পাবেন অভিনেত্রী।

ওয়াল স্ট্রিট জার্নাল সর্বপ্রথম মামলার খবরটি নিশ্চিত করে। তবে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির দাবি, যা করা হয়েছে, সেটা সম্পূর্ণ চুক্তি মেনেই করা হয়েছে। অভিনেত্রীর অভিযোগ ভিত্তিহীন।

এক বিবৃতিতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি জানায়, মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে একটি সিনেমাকে ওটিটি প্লাটফর্মে চালানোর মতো উদ্যোগের বিরোধিতা করা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক।

প্রসঙ্গত, সিনেমাটি গত বছর বড় পর্দায় মুক্তির কথা ছিল। কিন্তু কোভিড আবহে একাধিকবার বিলম্বিত হয়। অবশেষে জুলাইয়ের মাঝামাঝিতে এটি মুক্তি পায়।

এদিকে, শিগগিরই প্রেক্ষাগৃহ ও ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে ডোয়াইন জনসন ও এমিলি ব্লান্ট অভিনীত ‘জঙ্গল ক্রুজ’। তার আগেই বোমা ফাটালেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত অভিনেত্রী।