পরকীয়া সম্পর্কের জেরে এক যুবকের নাক ও কান কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। পাকিস্তানের লাহোর থেকে ৩৭৫ কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্জাব প্রদেশের মুজফ্‌ফরগড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পরকীয়া সম্পর্কের জেরে প্রতিবেশী এক ব্যক্তি দলবল নিয়ে মুহম্মদ আক্রম নামের ওই যুবকের উপর চড়াও হয়ে ছুরিকাঘাত করে। একপর্যায়ে তার নাক ও কান কেটে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর আনন্দবাজারের।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জুলাই) কাজ সেরে বাড়ি ফিরছিলেন মুহম্মদ আক্রম। সেই সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে তার উপর চড়াও হন পাড়ারই বাসিন্দা আবদুল কায়ুম। প্রথমে তাদের মধ্যে বচসা বাধে। কেন তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে আক্রমকে হেনস্থা করতে শুরু করেন তারা।

একপর্যায়ে আক্রমকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে ধস্তাধস্তি শুরু হলে, সকলে মিলে আক্রমকে চেপে ধরেন এবং কায়ুম ছুরি দিয়ে তার নাক ও কান কেটে নেন। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলতানের নিশতর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত কায়ুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। তার বাকি সহযোগীদের খোঁজ চলছে।