সুনামগঞ্জ দিরাইয়ে যুক্তরাজ্য প্রবাসীর স্পিডবোটের ধাক্কায় ছোট ডিঙ্গি নৌকা থলিয়ে নিহত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার শাহপরান বাজার সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের নাম বদিউজ্জামান (৫৫)। তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাও গ্রামের মৃত গেদা উল্লার ছেলে।

দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ বদিউজ্জামান একজন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় শাহপরান বাজার থেকে নিজের ছোট নৌকায় বাড়িতে ফিরছিলেন। এ সময় রায়বাঙ্গালী (আটপুরিয়া) গ্রামের মৃত আরব আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানীর চালিত স্পিডবোটটি বিপরীত দিক থেকে এসে বদিউজ্জামানের নৌকাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হয়ে নৌকাসহ পানিতে তলিয়ে যান।

দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বুধবার সকাল ১১টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দিরাই থানার উপ পরিদর্শক আজিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে নিহতের ভাসমান লাশ উদ্ধার করে। লাশটি বিকাল ৩টায় ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী গোলাম রব্বানীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনটি মামলায় তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন দিরাই থানার উপ পরিদর্শক সজিব দত্ত।