করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কমলগঞ্জ পৌর এলাকার গরিব, অসহায় ও হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেকুল হকের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।
কমলগঞ্জের পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওমী লীগের সাবেক সভাপতি এম মোছাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌর কাউন্সিলর ছাদ আলী, সৈয়দ জামাল হোসেন প্রমুখ।
