বেলারুশের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর বাবারিকোকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তাকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করার পর মঙ্গলবার (৬ জুলাই) এ রায় এসেছে।

যদিও বারবার অভিযোগ অস্বীকার করেছেন ভিক্টর বাবারিকো। পশ্চিমা দেশগুলো ও নির্বাসিত বিরোধীদলীয় নেতারা এ রায়ের নিন্দা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত জুনে তাকে আটক করা হয়েছিল। জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রবীণ নেতা আলেক্সান্ডার লুকাশাঙ্কোর চেয়ে তিনি এগিয়ে ছিলেন।

বিরোধীরা বলছেন, গত আগস্টের নির্বাচনে জালিয়াতি করে লুকাশাঙ্কো তার শাসনকে দীর্ঘায়িত করেছেন।

১৯৯৪ সাল থেকে ক্ষমতায় আছেন লাকাশাঙ্কো। গত নির্বাচনে তিনি নিজের ভূমিধস বিজয় দাবি করেছেন। নতুন মেয়াদে ক্ষমতা দখল করলেও দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাকে। কোনো ধরনের ভোট জালিয়াতির কথা অস্বীকার করেছেন রুশ-সমর্থিত এই নেতা।

মঙ্গলবারের রায় আসার আগে সাবেক বেলগাজপ্রোব্যাংকের প্রধান বাবারিকোর মিত্ররা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো। তার রাজনৈতিক অভিলাষকে আটকে দিতে এই সাজা দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের নেতা সেভিয়াতলানা শিখানৌসখা বলেন, একজন মানুষের জন্য এটি এক উন্মাদনার সময়, যিনি রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশের মানুষকে জাগিয়ে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আস্থা ও প্রত্যাশায় দূর থেকেও মিল আছে, এমন চিন্তাকে ধ্বংস করে দিতে এই সরকার সবকিছু করছে।

তিনি বলেন, কিন্তু ভিক্টর বাবারিকোর মতো হাজারো নিরপরাধ মানুষ আজ কারাবন্দি। কাজেই তার এই সাজা আমাদের মতো আশাবাদী মানুষদের নিরাশ করছে।

বেলারুশের রাজধানী মিনসকে মার্কিন দূতাবাস এই সাজার নিন্দা জানিয়ে সমালোচনা করেছে। এক টুইটার পোস্টে দূতাবাস জানিয়েছে, বেলারুশের আদালত ব্যবস্থার নৃশংস কপটতাই আজ প্রকাশ পেয়েছে। লুকাশাঙ্কো সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে সব ধরনের নির্মমতা অবলম্বন করতে পারবে।
বাবারিকোকে নির্বাচনে প্রার্থী হতে বাধা ও আটক করার পর বিরোধী রাজনীতির নেতৃত্ব দিতে তার মিত্রদের একজন মারিয়া কোলিসনিকোভো আরও দুই নারী শিখানৌসখা ও ভিরুনিকা সেপখালোর সঙ্গে যোগ দেন।

মানবাধিকার গোষ্ঠীগুলোর বিবেচনায় রাজনৈতিক কারাবন্দি বিবেচিত ৫৪০ জনকে মুক্তি দিতে বেলারুশের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত আনাস মারিন। তিনি বলেন, অন্তত ৩৫ হাজার লোককে বিচারবহির্ভূত আটক করে রাখা হয়েছে। নিপীড়নের ভয়ে হাজার হাজার বেলারুশের নাগরিক বিদেশে আশ্রয় নিয়েছেন।