কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এ পর্যন্ত ১৭৫টিরও বেশি স্থানে ছড়িয়ে পড়েছে আগুন। এর মধ্যে গেল দু’দিনেই দাবানলে পুড়েছে প্রায় ৮০টি স্থান। এদিকে ব্রিটিশ কলাম্বিয়াসহ কানাডার মধ্যাঞ্চলজুড়ে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে বরফ গলে বন্যার আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা।

শনিবারও ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন স্থানে নতুন করে ছড়িয়ে পড়ে আগুন। কেবল এই একটি প্রদেশেই এ পর্যন্ত প্রায় দুশ’ স্থানে সৃষ্টি হয়েছে দাবানল। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, প্রদেশটির ১১টি মিউনিসিপ্যালের মধ্যে ৯টিতেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ কলাম্বিয়া প্রশাসন জানায়, গেল তিনদিনে ১২ হাজারের বেশি বজ্রপাতের কারণেই মূলত ছড়িয়ে পড়েছে এই দাবানল। সেই সঙ্গে, সাম্প্রতিক তীব্র দাবদাহের কারণেও প্রায়ই প্রদেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লিটন কাউন্টি এলাকার বনাঞ্চলগুলোতে আগুন ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত ৭৫ হাজার একরেরও বেশি বনাঞ্চল আগুনে পুড়ে গেছে বলেও জানানো হয়।

এদিকে, ব্রিটিশ কলাম্বিয়াসহ কানাডার মধ্যাঞ্চলজুড়ে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। গড় তাপমাত্রা কিছুটা কমলেও তা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। এছাড়াও, সাসকাচওয়ান এবং ভ্যাঙ্কুভারেও বিরাজ করছে উচ্চ তাপমাত্রা। অসহনীয় গরমে জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। সেই সঙ্গে, প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদরা। কানাডার সাম্প্রতিক এ দাবদাহে এ পর্যন্ত মারা গেছেন সাত শতাধিক মানুষ। যার অধিকাংশই ব্রিটিশ কলাম্বিয়ার।