সিলেট নগরীর কাজিটুলায় রাবিদ আহমদ নাজিম (২৭) হত্যা মামলায় গ্রেপ্তারকৃত শাহনিয়া ও তার ভাই আকবরকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (২৩ জুন) সিলেট মুখ্য মহানগর আদালতে পুলিশ ফের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সিলেট মুখ্য মহানগর আদালতের বিচারক তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১০ জুন শাহনিয়া ও তার ভাই আকবরকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। প্রথম দফায় তাদের ৩ দিনের রিমান্ডে নিলেও এখন পর্যন্ত নাজিম হত্যার ঘটনায় পুলিশকে তারা কোন তথ্য দেননি। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা কিছুই জানেন না বলে জানান।
পরে গতকাল বুধবার আলোচিত এ মামলায় পুনরায় জিজ্ঞাসাবাদ করতে শাহনিয়া ও আকবরকে ৭ দিনের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানী শেষে সিলেট মুখ্য মহানগর আদালতের বিচারক তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, প্রথম দফার রিমান্ডে শাহনিয়া ও আকবর কোন তথ্য দেননি। তাই পূনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। এর প্রেক্ষিতেই আদালত তাদের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, গতকাল বুধবার রিমান্ড মঞ্জুর হয়েছে। এখনও তাদেরকে রিমান্ডে নেওয়া হয়নি। আজকে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, গত ৭ জুন সিলেট নগরের কাজীটুলা এলাকার যুবক রাবিদ আহমদ নাজিম (২৭) রহস্যজনকভাবে মারা যান। ঐদিন সকালে ওই এলাকার একটি ভবনের নিচ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধারের কথা জানানো হয়। দুপুরে তিনি হাসপাতালে মারা যান।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে নাজিমের পরিবার। এরপর নাজিমের সাথে কাজীটুলা উঁচা সড়কের একটি ফ্ল্যাটে একসাথে থাকা খালাতো ভাই-বোন পরিচয়দানকারী তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে শাহনিয়া বেগম ও তার ভাই আকবরকে রিমান্ডে নেয় পুলিশ।
এদিকে পাঁচতলা থেকে পড়ে মারা গেছেন বলে তার ফ্ল্যাটের লোকজন দাবি করলেও পরিবার বলছে এটা হত্যাকাণ্ড। এছাড়া মৃত্যুর পর নাজিমের থাকার কক্ষ থেকে নানা রকমের মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
