মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময়ে মঙ্গলবার (১৫ জুন) ভোর ৫টায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা বাজার থেকে ২ জনকে গ্রেফতার ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,সুনামগঞ্জ জেলার ছাতক থানার পীরপুর দক্ষিণ পাড়া গ্রামের আনকার আলীর পুত্র জুয়েল আহমেদ (২১) ও একই এলাকার বড় বাড়ীর মকদ্দুস আলীর পুত্র সিএনজি অটোরিকশা চালক জমির আলী (৩২)।
পুলিশ জানায়,মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আগ থেকেই ওঁৎ পেতে সিএনজি অটোরিক্সাটি আটক করা হয়। পরে সিএনজি অটোরিকশা তল্লাশী করে তিনটি পোটলায় কসটেপ দিয়ে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মৌলভীবাজার জেলাকে চোরাচালান ও মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
