ঢাকা-সিলেট, ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল ৮ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রেলের এসব পথের বিভিন্ন স্টেশনে সাতটি ট্রেন আটকা পড়েছিল বলে জানা গেছে।
এদিকে শনিবার (২৭ মার্চ) থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শোয়েব আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে কয়েকশত মাদরাসাছাত্র অতর্কিত হামলা করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে। এ সময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিক্ষুব্ধরা স্টেশনের টিকিট কাউন্টার, কন্ট্রোল প্যানেল ও চেয়ার টেবিল ভাঙচুর করে রেললাইনের ওপর এনে অগ্নিসংযোগ করে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। রেললাইনও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা কোনো কার্যক্রম চালাতে পারছেন না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শনিবার বিকেল থেকে কোনো প্রকার ট্রেন যাত্রাবিরতি করবে না। যতদিন কার্যক্রম পুরোপুরি ঠিক না হচ্ছে ততদিন এ সিদ্ধান্ত বলবত থাকবে।’
ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার বলেন, ‘যেসব যাত্রী অগ্রিম টিকিট কেটে রেখেছেন তারা আখাউড়া আজমপুর, তালশহর, আশুগঞ্জ থেকে যাত্রা করতে পারবেন। যারা ট্রেনে যাত্রায় আগ্রহী নন তারা কাউন্টারে টিকিটি জমা দিতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমতে পরবর্তীতে তাদের টিকিটের টাকা ফেরত দেয়া হবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় সফরকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়া শহর। শুক্রবার দুপুর আড়াই টায় শহরের প্রধান সড়ক টিএ রোডে মাদ্রাসায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। সিগন্যাল বক্স ভেঙে ফেলায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
স্টেশনের সিগন্যাল প্যানেলসহ সবকিছু আগুনে পুড়িয়ে দেওয়ায় বিকাল সাড়ে ৪টার পর থেকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। তাদের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সোহেব আহমেদ বলেন, মাদ্রাসা ছাত্ররা স্টেশনের সবকিছু পুড়িয়ে ফেলেছেন। এ কারণে বিকাল সাড়ে ৪টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত সাড়ে ১২ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার হরষপুর রেলওয়ে স্টেশন ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আজমপুর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটারে ভাদুঘর এলাকায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ও মহানগর গোধূলি কসবা রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল।
আর ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দৌলতকান্দি রেলওয়ে স্টেশন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস নরসিংদীর মেথিকান্দায় আটকা পড়েছিল।
সন্ধ্যা সাড়ে ৭টার পর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। আর রাতে আখাউড়া থেকে রেলওয়ের লোকজন ও পুলিশ এসে রেললাইন পরিষ্কার ও মেরামতের কাজ করে।
