
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১৭ বছর পর কারামুক্ত দলটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।
আজ রবিবার সকালে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার সাক্ষাৎ করতে যায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
২০০৮ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার করা হয় আব্দুস সালাম পিন্টুকে। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পান পিন্টু। তারপর কারাগার থেকে মুক্তি পান তিনি।
শেষটা রাঙালো অস্ট্রেলিয়া ভারতকে ভুগিয়ে চতুর্থ দিনের
শুরুটা দুর্দান্ত হলেও এখন অস্ট্রেলিয়ার দশম উইকেটের জুটিতে চাপ বাড়ছে ভারতের ওপর। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭৩ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। তখন অসিদের লিড ২৭৮ রানের। এমন সময় নিশ্চয়ই ভারতের চাওয়াটা এমন, লিড ৩০০ হওয়ার আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করা এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা।
কিন্তু সেটি আর হলো না। শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি করে চতুর্থ দিনের খেলা করেছেন নাথান লিয়ন (৪০ রান) ও স্কট বোলান্ড (১০ রান)। এতে অস্ট্রেলিয়ার লিড হয়ে গেছে ৩৩৩ রানের। আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) শেষ দিনে এই লিড কতটা এগিয়ে নিতে পারে অস্ট্রেলিয়া, সেটিই দেখার।
কিন্তু কি দুর্দান্ত শুরুই না পেয়েছিল ভারত। জাসপ্রিত বুমরাহ টেস্ট ইতিহাসের একমাত্র বোলার হিসেবে ২০ রানের কম গড়ে ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। তার সঙ্গে মিলে মোহাম্মদ সিরাজ মাত্র ৯১ রানেই তুলে নিয়েছিলেন অজিদের ৬ উইকেট। সেই দলটাই কি না ৯ উইকেটে ২২৮ রান স্কোরবোর্ডে নিয়ে চতুর্থ দিন শেষ করলো।
শুক্রবার ৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। ব্যাটিংয়ে নেমে মাত্র ২১ বল টিকতে পারে সফরকারীরা। ১১ রান যোগ করে ৩৬৯ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। নিতীশ কুমার রেড্ডি ১৮৯ বলে ১১৪ রানে (১১ চার ও ১ ছক্কা) আউট হলে শেষ হয় ভারতীয়দের প্রথম ইনিংস।
১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৬০ রান করলেও দ্বিতীয় ইনিংসটা ভালো হয়নি স্যাম কনস্টাসের। ১৮ বলে ৮ রান করে বুমরাহর বলে বোল্ড হন তিনি।
জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি ওপেনার উসখান খাজা। ২.৫ ওভারে জাসপ্রিত বুমরাহর বলে লেগ-গালি অঞ্চলে খাজার সহজ ক্যাচ ফেলে দেন জয়সওয়াল। খাজা তখন মাত্র ২ রানে ব্যাট করছিলেন। শেষমেশ পেসার মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান বাঁহাতি অসি ওপেনার খাজা। তার আগে করেন ২১ রান।
স্টিভ স্মিথও টেকেননি। প্রথম ইনিংসে ১৪০ রান করলেও এবার আউট হন ৪১ বলে ১৩ রান করে। সিরাজের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ হন তিনি। এরপর ১১ বলে ৩ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন বুমরাহ। ফেরান ট্রাভিস হেড (২ বলে ১), মিচেল মার্শ (৪ বলে ০) ও অ্যালেক্স কেরেকে (৭ বলে ২)। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। সপ্তম উইকেটে ৫৭ রানের জুটি করেন প্যাট কামিন্স ও মারনাস লাবুশেন। ১৩৯ বলে ৭০ রান করেন লাবুশেন। কামিন্স করেন ৯০ বলে ৪১ রান। এরপরই লিয়ন ও বোলান্ডের জুটি।
যা বললেন আফ্রিদি ঢাকায় পা রেখে ভিডিও বার্তায়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই মৌসুমে চমক দিয়েছে চিটাগং কিংস। দলটি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দিয়েছে।
আগামীকাল সোমবার বিপিএলের পর্দা উঠছে। এই উপলক্ষে আজ রবিবার ঢাকায় পা রাখলেন আফ্রিদি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটা নিশ্চিত করেছে কিংস ফ্র্যাঞ্চাইজি। এক ভিডিও বার্তায় বাংলা ভাষায় আফ্রিদি বলেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি’।
আফ্রিদি বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন। এরপর সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। এছাড়া বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।
এর আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কুমিল্লা, ঢাকা গ্লাডিয়েটর্স ও ঢাকায় ডায়নামাইটসের হয়ে শিরোপাও জিতেছেন আফ্রিদি। তিনি সবশেষ ২০১৯-২০ মৌসুমে বিপিএলে খেলেছিলেন।
এদিকে, এবারই প্রথম বিপিএলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি মেন্টর হিসেবেও তিনি কাজ করবেন বলে জানা গেছে।
অপেক্ষা অবশেষে শেষ হলো বাবরের
বাবর আজমের সময়টা অনেকদিন ধরেই বাজে যাচ্ছিলো। টেস্ট ফরম্যাটে সেই দুঃসময়টা আরও লম্বা। মাঝে লাল বলের স্কোয়াড থেকেও বাদ পড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এরপর ফিরেও ন্যূনতম একটি হাফসেঞ্চুরির আক্ষেপ মেটাতে পারছিলেন না। ২০২২ সালের ২৬ ডিসেম্বর সর্বশেষ টেস্টে ফিফটি করেছিলেন বাবর। আরেকটি ফিফটির জন্য তাকে ৭৩৩ দিন অপেক্ষা করতে হয়েছে।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলছে পাকিস্তান। যেখানে প্রথম ইনিংসে মাত্র ৪ রানেই আউট হয়ে যান বাবর। দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন দীর্ঘ অপেক্ষার ফিফটি। তবে এরপর আর টিকতে পারেননি। প্রোটিয়া পেসার মার্কো জানসেনের আরেকটি দুর্দান্ত স্পেলের দিনে বাবর ফিরেন বরাবর ৫০ রানে। ৮৫ বলের ইনিংসে তিনি ৯টি চার মেরেছেন।
এর আগে বাবর ফিফটিখরায় ভুগছিলেন ১৯ ইনিংস। এ সময়ে এই পাকিস্তানি তারকা ব্যাটার ৩০–এর ঘরেও পৌঁছাতে পারেন মাত্র ৪ বার, সর্বোচ্চ ইনিংস খেলেন ৪১ রানের। এমনকি টেস্টে তার সর্বশেষ সেঞ্চুরিটিও ১৯ ইনিংস আগে। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে ২৮০ বলে ১৬১ রানের স্মরণীয় এক ইনিংস খেলেছিলেন বাবর। এরপর ৭৩৩ দিন রানখরায় থাকাকালে তার ইনিংসগুলো ছিল এমন— ১৪, ২৪, ২৭, ১৩, ২৪, ৩৯, ২১, ১৪, ১, ৪১, ২৬, ২৩, ০, ২২, ৩১, ১১, ৩০, ৫ ও ৪।
ব্যাট হাতে ব্যর্থতার দরুন চলতি বছরের অক্টোবরে ইংল্যান্ড সিরিজের মাঝপথেই স্কোয়াড থেকে বাদ পড়েন বাবর। ঘরের মাঠে হওয়া ওই সিরিজে পাকিস্তানও শেষ দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে। বাবরের পরিবর্তে দলে ঢুকে সেঞ্চুরি করেছিলেন তরুণ ব্যাটার কামরান গুলাম। ইতোমধ্যে টেস্ট দলেও তার জায়গাটা মোটামুটি পাকাপোক্ত হয়ে গেছে। প্রোটিয়াদের বিপক্ষে চলতি ম্যাচেও প্রথম ইনিংসে পাকিস্তানের একমাত্র ফিফটির ইনিংস আসে কামরানের ব্যাটে।
এদিকে, বাবর রান পেলেও দলগতভাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। শান মাসুদের দল প্রথম ইনিংসে মাত্র ২১১ রানেই অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ৩০১ রান করে প্রথম ইনিংসে লিড পায় ৯০ রানের। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে সেই রান পেরোনোর আগেই ৩ উইকেট হারিয়ে বসে। এরপর বাবর ৫০ ও সৌদ শাকিল ৮৪ রান করলে দুইশ পার হয় সফরকারীদের। তবে তাদের পুঁজি বেশি বড় হয়নি। আর কোনো ব্যাটারই বলার মতো কিছু করতে না পারায় ২৩৭ রানেই থামে পাকিস্তানের ইনিংস।
জয় পেতে প্রোটিয়াদের প্রয়োজন মাত্র ১৪৮ রান। যদিও তৃতীয় দিন শেষ হওয়ার আগে স্বাগতিক টেম্বা বাভুমার দলের সংগ্রহ ৩ উইকেটে ২৭ রান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ২ এবং খুররাম শেহজাদ একটি উইকেট নিয়েছেন। এর আগে পাকিস্তানকে অল্পতে গুটিয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল প্রোটিয়া অলরাউন্ডার মার্কো জানসেনের। এই পেসার একাই নিয়েছেন ৬ উইকেট।
‘বুড়োদের’ লিগে ঠিকই খেলবেন সাকিব বিপিএল অনিশ্চিত তবে
সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেও, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি নিয়মিত। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) খেলা নিয়ে সাকিব পড়েছেন অনিশ্চয়তায়। বিপিএলে না খেলার বিষয়টি যেন আরও নিশ্চয়তা পেল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নতুন কাণ্ডে! সাকিব এবার সাবেক ক্রিকেটারদের লিগে নাম লেখালেন।
বাংলাদেশের সাবেক অধিনায়ক নাম লিখিয়েছেন লিজেন্ডস ক্রিকেট ট্রফির (এলসিটি) দল দুবাই জায়ান্টসে। নিজেদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তারা সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ওই দলে আছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরাও। এলসিটির সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন দুবাইয়ের হয়ে এর আগে পেরেরা ছাড়াও খেলেছেন হরভজন সিং, স্যামুয়েল বদ্রিদের মতো সাবেক তারকারা।
সাকিবের বিপিএলে খেলার অনিশ্চয়তা অবশ্য তার জন্য নতুন কিছু নয়। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকেই সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দেশে আন্দোলন হয়েছে। যে কারণে দেশের মাটিতে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নিতে চাইলেও আশা পূরণ হয়নি সাকিবের। সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলেও সাবেক এই বাংলাদেশ অধিনায়কের খেলাটা প্রায় অনিশ্চিত।
আসন্ন বিপিএলে সাকিবকে দলে নিয়েছিল চিটাগাং কিংস। সাকিবকে না পাওয়া তাদের জন্যও বড় ধাক্কাই বটে। এ ছাড়া আরও দুই বিদেশি ক্রিকেটারকে না পাওয়ার সম্ভাবনাই বেশি ফ্র্যাঞ্চাইজিটির। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পুরো টুর্নামেন্টে না পাওয়ার সম্ভাবনা জানিয়েছেন দলটির মালিক সামির কাদের চৌধুরি। লঙ্কান বোর্ড তাকে ছাড়পত্র দেয়নি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিকে নিয়েও রয়েছে শঙ্কা। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-২০-তে খেলবেন তিনি।
প্রসঙ্গত, আগামীকাল (সোমবার) থেকে পর্দা উঠবে ২০২৫ বিপিএল আসরের। একাদশ আসর চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বিপিএলে সাকিবের খেলা অনিশ্চয়তা থাকলেও, স্পষ্টভাবে কিছু জানায়নি চিটাগাং কিংস। তবে তার না খেলারই ইঙ্গিত মিলছে সাম্প্রতিক কর্মকাণ্ডে!
মৃত্যুঞ্জয়-বাবুদের শেষ মুহূর্তে বিপিএল খালি হাতে ফেরায়নি
বিপিএলের একাদশ আসর আগামীকাল (সোমবার) থেকে মাঠে গড়াচ্ছে। হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। তার আগে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিযোগী ৭টি দল। এরই মাঝে শেষ মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলো কয়েকজন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন আলাউদ্দিন বাবু। সদ্য সমাপ্ত এনসিএলে দারুণ অলরাউন্ড পারফর্ম করেছেন তিনি। তারই ফল পেলেন এবার। গতকাল ঢাকার হয়ে নাম লিখিয়েছেন বাবু। এদিকে দুর্বার রাজশাহী দলে শেষ মুহূর্তে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরি।
এর শনিবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে খেলার ডাক পান স্পিনার টিপু সুলতান। ইতোমধ্যে তিনি দলের সঙ্গেও যোগ দিয়েছেন। সবমিলিয়ে শেষমুহূর্তেও নিজেদের মতো করে স্কোয়াডের শক্তি বৃদ্ধিতে তোড়জোড় চালাচ্ছে দলগুলো।
প্রসঙ্গত, প্রায় দেড়মাস ব্যাপী বিপিএলের একাদশ আসর ৩০ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার জমকালো আয়োজনে ফ্র্যাঞ্চাইজি আসরটি আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। কিন্তু শেষ মুহূর্তেও তাদের অগোছালো কর্মকাণ্ডে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটভক্তরা। মাঠের খেলায় সেই আমেজ ফিরে আসে কিনা সেটি আগামী কয়েকদিনেই টের পাওয়া যাবে!
আজও নেই টিকিটের হদিস কাল শুরু বিপিএল তবে
আর মাত্র একদিন তারপরেই উঠছে বিপিএলের একাদশ আসরের পর্দা। তবে এখন পর্যন্ত টিকিট নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি বিসিবি। টিকিটের মূল্য কত কিংবা পাওয়ার উপায় এখনও অজানা। এরই মাঝে আজ (রবিবার) ভোর থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে ভিড় করতে দেখা গেছে ক্রিকেটভক্তদের। পরে টিকিট না পেয়ে অনেকে বিক্ষোভও করেছেন।
টিকিটের আশায় ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন সমর্থকরা, বেলা যতই গড়াচ্ছে ততই আকার বাড়ছে সেই লাইনের। তবুও বুথ বন্ধ থাকায় মেলেনি টিকিট। যে কারণে হতাশাগ্রস্ত দর্শকদের একটি অংশ মিছিল আবার কেউ কেউ অবস্থান নিয়েছেন মিরপুর হোম অব ক্রিকেটের সামনে।
ফজরের পর থেকেই টিকিটের জন্য অপেক্ষায় থাকার কথা জানিয়ে এক সমর্থক বলছেন, ‘ফজরের পর টিকিটের জন্য এসেছি। তখন ছিল কয়েকজন, এখন দেখেন কত লম্বা লাইন। টিকিট কখন পাওয়া যাবে কিংবা আদৌ পাব কি না কোনো নিশ্চয়তা নেই।’
বিক্ষুব্ধ কয়েকজন সমর্থকের অভিযোগ, ‘এখানে আসার পর টিকিটের জন্য যোগাযোগ করা হলে বলা হয় অনলাইনে দেবে, এখানে না। কিন্তু ওয়েবসাইটও বন্ধ, একটা জায়গায় তো চালু রাখবে তারা। আড়াইশ-তিনশ পোলাপান ভোর ৪টা থেকে এসে বসে আছে।’
বিশ্বরেকর্ড বুমরাহ’র
ভারতীয় দলকে দারুণ উদ্যমে জাগিয়ে তুলেছেন বোলিংয়ে তাদের বড় ভরসা জাসপ্রিত বুমরাহ। ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ২০০তম টেস্ট উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। বিশ্ব ক্রিকেটে বলের হিসাবে সেটি চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন ইকোনমিতে ২০০ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বুমরাহ রীতিমতো ইতিহাস গড়েছেন।
ভারতীয় এই পেসারই বিশ্বে একমাত্র যিনি ২০ রানের কম (১৯.৫৬) গড় নিয়ে ২০০ উইকেট শিকার করেছেন টেস্টে। বুমরাহ-সিরাজের বোলিং তোপে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। ফলে মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টও জমে উঠেছে। যদিও প্রথম ইনিংসে পাওয়া ১০৫ রানের লিড মিলিয়ে ২০০ পেরিয়েছে অজিদের পুঁজি।
আজ রবিবার বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে দলীয় খাতায় ১১ রান যোগ করতেই ৩৬৯ রানে অলআউট হয় ভারত। অবশ্য নিতীশ কুমার রেড্ডির দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি না পেলে সফরকারীরা এতদূর আসতে পারত না। এই পেস অলরাউন্ডারের ইনিংস থেমেছে ১১৪ রানে। ১৮৯ বলে ১১টি চার ও ১টি ছক্কা মারেন রেড্ডি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ৩ করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।
১০৫ রানের লিড নিয়ে টার্গেট দিতে নামা অস্ট্রেলিয়া দলীয় ২০ রানেই অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসকে হারায়। আগের ইনিংসে বুমরাহ’র চোখে চোখ রেখে ৬০ রানের ইনিংস খেলা এই ব্যাটার এবার ফিরলেন ভারতীয় প্রধান পেসারের বলেই। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বুমরাহ ৮ রানে ফিরিয়েছেন ১৯ বছর বয়সী এই ব্যাটারকে। এরপর ব্যক্তিগত ২১ রানে উসমান খাজাকে বোল্ড এবং স্টিভেন স্মিথকে ১৩ রানে ক্যাচ আউট করেন মোহাম্মদ সিরাজ।
দলীয় ৮০–৯১, ১১ রানের ভেতর ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। যার তিনটাই গেছে বুমরাহ’র পকেটে। ট্রাভিস হেডকে মাত্র ১ রানেই আউট করে টেস্টে ২০০তম উইকেটের মাইলফলক পূর্ণ করেন এই পেসার। এরপর মিচেল মার্শ (০) এবং অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে টেস্টে ব্যক্তিগত উইকেট সংখ্যাকে ২০২–এ পরিণত করেছেন বুমরাহ।
সর্বনিম্ন গড়ে ২০০তম টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ ৩৯১২ রান (গড় ১৯.৫৬)
জোয়েল গার্নার ৪০৬৭ রান (গড় ২০.৩৪)
শন পোলক ৪০৭৭ রান (গড় ২০.৩৯)
বলের হিসাবে দ্রুততম ২০০ টেস্ট উইকেট
ওয়াকার ইউনিস– ৭৭২৫
ডেল স্টেইন– ৭৮৪৮
কাগিসো রাবাদা– ৮১৫৪
জাসপ্রিত বুমরাহ– ৮৪৮৪
ম্যালকম মার্শাল– ৯২৩৪
ভারতের হয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ– ৮৪৮৪ বল
মোহাম্মেদ শামি– ৯৮৯৬ বল
রবিচন্দ্রন অশ্বিন– ১০২৪৮ বল
কপিল দেব– ১১০৬৬ বল
রবীন্দ্র জাদেজা– ১১৯৮৯ বল
বিপিএলে ভালো কিছু করতে চান আলিস জাতীয় দলে ফিরতে
চোটের কারণে আলিস আল ইসলামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সম্ভাবনায় ধাক্কা লেগে যায়। তবে সেই ধাক্কায় ভেঙে না পড়ে নতুন আশায় বুক বাঁধছেন তিনি। আসছে বিপিএলে আবার ভালো পারফর্ম করে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়তে চান রহস্য স্পিনার।
ব্যাটসম্যানদের দাপট দেখানোর মঞ্চ টি-টোয়েন্টিতে একজন রহস্য স্পিনার সবসময়ই দারুণ কাঙ্ক্ষিত। দেশের ক্রিকেটে এখানে আশার আলো হয়ে এসেছেন আলিস। বিপিএলের গত আসরে পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু আঙুলের চোটে সেবার আর দলে যোগ দেওয়া হয়নি তার। ফলে পিছিয়ে যায় জাতীয় দলে তার শুরুর সম্ভাবনা। তিন মাসের বেশি সময় চোটের কারণে বাইরে থাকার পর নতুন উদ্যমে তিনি শুরু করেন ফেরার লড়াই।
চোট থেকে সেরে উঠে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের হয়ে অস্ট্রেলিয়া সফর করেন আলিস। পরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে যান ওমানে। আর সবশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা মেট্রোর হয়ে করেন চমৎকার বোলিং। টি-টোয়েন্টি ক্রিকেটের পথচলায় তার সামনে এবার বিপিএল। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চিটাগং কিংসের হয়ে ভালো করতে পারলে আবার হয়তো আলিসের জন্য খুলে যেতে পারে জাতীয় দলের দুয়ার।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আলিস বললেন, তেমন কোনও সুযোগের জন্য সদা প্রস্তুত তিনি। জাতীয় দলের জন্য সবসময়ই প্রস্তুত থাকি। জাতীয় দল তো এমন জায়গা নয় যে ডাক পেয়ে তারপর প্রস্তুত হবেন। জাতীয় দলে খেলতে হলে আপনাকে তৈরিই থাকতে হবে। তাই চেষ্টা করি মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত থাকতে।
এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে ১০ ম্যাচে ১৪ উইকেট নেন আলিস। আসরজুড়ে মিতব্যয়ী বোলিংয়ে ওভারপ্রতি তিনি খরচ করেন মাত্র ৫.৩২ রান। বিপিএলে চিটাগং কিংসের হয়েও একই লক্ষ্য তার।
তিনি জানান, টি-টোয়েন্টিতে বোলিংয়ের দিক থেকে দুইভাবে জেতা যায়। আপনি হয়তো ইকোনমিক একটা স্পেল করে বের হয়ে যাবেন। যা করতে পারলে অন্য বোলারদের ওপর থেকে চাপ সরে যাবে। নয়তো আপনি শুরুতে উইকেট বের করে দেবেন। আমার লক্ষ্য থাকে সবসময় ইকোনমিক বোলিং এবং শুরুতে উইকেট বের করা। শুরুতে উইকেট নিতে গিয়ে একটা-দুইটা বাউন্ডারি বের হয়ে যেতে পারে। এটা স্বাভাবিক। তবে আমার সবসময় লক্ষ্য থাকে আমি মিতব্যয়ী বোলিং করার।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে যাত্রা শুরু করবে চিটাগং কিংস।
গাভাস্কার পান্তকে স্টুপিড বললেন
অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে রিশাভ পান্তের আউট হওয়ার ধরনে বেজায় চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুঁড়ে আসায় এই কিপার-ব্যাটসম্যানকে ‘স্টুপিড’ বলেছেন ভারতের ব্যাটিং গ্রেট।
৫ উইকেটে ১৬৪ রানে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন পন্ত ও রবীন্দ্র জাদেজা। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন পান্ত। কিন্তু নিজের ইনিংস বেশি বড় করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ৫৬তম ওভারে বোল্যান্ডকে স্কুপ করে ধরা পড়েন ডিপ থার্ড ম্যানে।
পান্ত ওভাবে আউট হওয়ার সময়ই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবিসি রেডিওতে ধারাভাষ্য দেওয়া গাভাস্কার। ক্ষুব্ধ কণ্ঠে পান্তকে ভারতের ড্রেসিং রুমেই যেতে মানা করেন তিনি।
তিনি বলেন, স্টুপিড, স্টুপিড, স্টুপিড। ওই জায়গায় দুজন ফিল্ডার ছিল, আগের শটটি মিস করার পরও তুমি ওখানে মারতে গেলে। দেখো কোথায় ধরা পড়েছ, ডিপ থার্ড ম্যানে। এটা স্রেফ উইকেট ছুঁড়ে দেওয়া। দলের এই অবস্থায়,(এমন শট) সেটা কখনোই ঠিক নয়।
গাভাস্কার আরও বলেন, পরিস্থিতিটা বুঝতে হবে। বলা যাবে না, এটাই আমার স্বাভাবিক খেলা। আমি দুঃখিত, এটি তার স্বাভাবিক খেলা নয়। এটা একটা স্টুপিড শট। এটা দলকে খুব খারাপ অবস্থায় ঠেলে দেওয়া!
যে সব রেকর্ড ভাঙলেন রহমত শাহ-হাশমতউল্লাহ শহীদিরা
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে সারা দিনই ব্যাটিং করেছেন আফগানিস্তানের দুই ব্যাটসম্যান রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদি। খেলেছেন ৯৫ ওভার, উইকেট পড়েনি একটিও।
১৪৭ বছরের টেস্ট ইতিহাসে মাত্র ২৬তমবার পুরো দিনে কোনো উইকেট পড়েনি। টেস্ট ক্রিকেট সর্বশেষ এমন উইকেটশূন্য দিন দেখেছে ২০১৯ সালে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউন টেস্টে। তৃতীয় দিনে দুই দলই ব্যাটিং করলেও বোলাররা নিতে পারেননি একটি উইকেটও। ৩৪৪ রান উঠেছিল সেদিন।
বুলাওয়েতে শনিবার তৃতীয় দিনটা আফগানিস্তান শুরু করে ২ উইকেটে ৯৫ রান নিয়ে। তৃতীয় দিনে শেষ দলটির রান ২ উইকেটে ৪২৫। ৪৯ রানে দিন শুরু করা রহমত শাহ অপরাজিত আফগান টেস্ট রেকর্ড ২৩১ রান করে।
এ ছাড়া ৩৬১ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে রহমতের সঙ্গী শহীদি অপরাজিত ১৪১ রানে। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে ১৬১ রানে পিছিয়ে আছে আফগানিস্তান।
আফগানিস্তান এখন পর্যন্ত টেস্ট খেলেছে ১০টি। এর মধ্যে ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই আফগান ব্যাটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন হাশমতউল্লাহ শহীদি। ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি।
এবার হাশমতউল্লাহ শহীদির সেই রেকর্ড ভেঙে আফগানদের হয়ে নতুন রেকর্ড গড়লেন রহমত শাহ। বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন রহমত শাহ অপরাজিত থাকলেন ২৩১ রানে। অর্থ্যাৎ, রহমত শাহের সামনে ইনিংসটা আরও অনেক বড় করার সুযোগ রয়েছে। আগামীকাল কতদূর যেতে পারেন, সেটাই দেখার।
এ ছাড়া রেকর্ড হয়েছে জুটিতেও। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আসগর আফগান ও হাশমতউল্লাহ শহীদি চতুর্থ উইকেটে যোগ করেছিলেন ৩০৭ রান। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শহীদি-রহমতের ৩৬১ রানের চেয়ে বড় জুটি আছে শুধু একটিই। ২০০৪ সালে বুলাওয়েতেই শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ও কুমার সাঙ্গাকারা দ্বিতীয় উইকেটে যোগ করেছিলেন ৪৩৮ রান।
অপেক্ষা করবে সিলেট মাশরাফির জন্য
দরজায় কড়া নাড়ছে বিপিএল, আর মাত্র ৪৮ ঘণ্টা পরে মাঠে গড়াবে খেলা। তবে এখনও সিলেট স্ট্রাইকার্স দলে যোগ দেননি গত দুই আসরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাকে ছাড়াই অনুশীলন শুরু করেছে ২০২৩ আসরের রানার্স-আপরা। তবে প্রধান কোচ একেএম মাহমুদ ইমন বললেন, মাশরাফির জন্য অপেক্ষা করবেন তারা।
গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর থেকে মাঠের বাইরে মাশরাফি। এবারের বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল তার। প্লেয়ার্স ড্রাফট থেকে দ্বিতীয় ডাকে দলে ভিড়িয়েছে সিলেট। কিন্তু এখন অভিজ্ঞ পেসারের বিপিএলে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিশেষ করে গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আলোর বাইরে মাশরাফি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিপিএলে কি আদৌ খেলতে দেখা যাবে টুর্নামেন্টটির সবচেয়ে সফল অধিনায়ককে।
মিরপুর বিসিবির একাডেমি মাঠে শনিবার দলের অনুশীলন শেষে এই বিষয়ে পরিষ্কার উত্তর দিতে পারেননি মাহমুদ। তবে মাশরাফিকে দলের অবিচ্ছেদ্য অংশই বলেন সিলেটের প্রধান কোচ।
তিনি বলেন, ‘আমাদের স্কোয়াডে এখনও আছে মাশরাফি। কারণ এই দলের ওতপ্রোত অংশ মাশরাফি। সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে, তাহলে অবশ্যই খেলবে।’
‘মাশরাফির সঙ্গে কথাবার্তা চলছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে। ফিটনেসের বিষয়ে কথা হচ্ছে। কারণ প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’
এসময় মাহমুদ বলেন, মাশরাফির জন্য অপেক্ষা করবেন তারা। তবে সেটি যে নির্দিষ্ট সময় পর্যন্ত সেটিও জানিয়ে দেন তিনি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে বিপিএলের ১১তম আসর। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট।
