
কক্সবাজার জেলা পুলিশলাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ে জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) আয়োজিত এ দ্বৈত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
কল্যাণ সভায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের পেশাগত বিভিন্ন সুবিধা-অসুবিধা ও কল্যাণের নানা দিক তুলে ধরা হয়।
লিশ সুপার শুনানির মাধ্যমে তাৎক্ষণিক বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
এ সময় জেলাজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পদক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
ভালো কাজের মূল্যায়নে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।
এর মাধ্যমে টেকনাফ থানা মডেল হিসেবে পুনরায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।
পরবর্তীতে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ ও মানব পাচারের মতো স্পর্শকাতর মামলাসহ জেলার গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়ে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।
তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব।”
সব শেষে অপরাধ নিয়ন্ত্রণে সকল কর্মকর্তাদের কার্যকর ভূমিকা পালনের কঠোর দিকনির্দেশনা দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
