
শ্রাবণের শেষদিকে এসে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।
এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, লঘুচাপটি আপাতত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম।
তবে এর প্রভাবে আগস্টের বাকি সময়ে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।
