
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ধারালো রামদা, চাইনিজ কুড়ালসহ ভারী দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (১১ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া বালুরমাট সংলগ্ন সাংবাদিক কলোনীর পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—১. মোঃ ইব্রাহিম ইদ্রিছ প্রঃ ইদ্রিস (৩০), ২. মোঃ আজম উদ্দিন (২১), ৩. মোঃ সাজ্জাদ হোসেন (২৬), ৪. মোঃ রাকিব (২২), ৫. মোঃ হারুন (৩১), ৬. মোঃ মোমিন হোসেন ওরফে বাচ্চু (৩৫) এবং ৭. মোঃ রাসেল (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামিদের কাছ থেকে ২৭ ইঞ্চি লম্বা একটি লোহার রামদা, বিশেষ কায়দায় তৈরি স্টিলের পাইপ ও লোহার ফলার কুড়াল, স্টিলের হাতলযুক্ত একটি চাইনিজ কুড়াল এবং ১৬ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরি জব্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত অপরাধী:
গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মোঃ ইব্রাহিম ইদ্রিছ ওরফে ইদ্রিস এলাকার অন্যতম চিহ্নিত অপরাধী।
তার বিরুদ্ধে নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ মডেল থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি এবং বিশেষ ক্ষমতা আইনসহ মোট ১৬টি মামলা রয়েছে। এছাড়া ৪ নম্বর আসামি মোঃ রাকিবের বিরুদ্ধে মাদক আইনে আরও ২টি মামলা বিচারাধীন।
চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, আসামিরা ওই নির্জন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে অস্ত্রসহ সমবেত হয়েছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি নতুন মামলা (মামলা নং-১০, তারিখ: ১১/০৮/২০২৬) রুজু করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
