চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালের লাইনআপ। ফ্রান্স ও স্পেন আগেই শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল। শনিবার রাতে তাদের সঙ্গে যোগ দেয় ইংল্যান্ড। সর্বশেষ রোববার সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। খেলার প্রথম দিকেই এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে পরে ড্যান এনদোয়ে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। ভিএআরে ব্রিল এমবোলোর লাল কার্ড এবং শেষ মুহূর্তের রোমাঞ্চকর আক্রমণ-পাল্টা আক্রমণের পরও নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতা ছিল।
অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে জোসে ম্যানুয়েল লোপেসের পাস থেকে বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে জাল খুঁজে নেন হুলিয়ান আলভারেজ। তাঁর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় সুইজারল্যান্ড। তবে ১১৬তম মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দারুণ এক সেভ আর্জেন্টিনাকে এগিয়ে থাকতে সাহায্য করে।
যোগ করা সময়ের প্রথম মিনিটে পাল্টা আক্রমণ থেকে জয়ের সিলমোহর দেয় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের শুরু করা আক্রমণে থিয়াগো আলমাদার শট গোলরক্ষক গ্রেগর কোবেল ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে জড়িয়ে দেন লাউতারো মার্তিনেজ। এতে ৩-১ গোলের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী বুধবার (১৫ জুলাই) মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনা।