টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যাকবলিত দুর্গত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দুর্ভোগ লাঘবে মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে বিশেষ ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে চলা টানা ভারী বর্ষণে মহালছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে দুর্গম ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষ চরম চিকিৎসাসংকটে পড়েন। এই পরিস্থিতিতে দুর্গতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর মেডিকেল টিম নদীপথে ইঞ্জিনচালিত নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দিচ্ছে।
মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে দুর্গম এলাকার অনেক মানুষই যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই মানবিক সংকট বিবেচনা করে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফের নির্দেশনায় একটি বিশেষ ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, “বন্যার কারণে যেসব এলাকার মানুষ হাসপাতালে এসে চিকিৎসা নিতে পারছেন না, আমরা নদীপথে তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা নিশ্চিত করছি এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এদিকে চারদিকে থৈ থৈ পানির মধ্যে আকস্মিক চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গত এলাকার ভুক্তভোগীরা জানান, চারদিকে পানিবন্দি থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার কোনো উপায় ছিল না। সেনাবাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম এলাকায় এসে চিকিৎসা ও ওষুধ দিয়ে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও প্রসূতি মায়েরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন।