চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি এবং অন্যান্য কৌশলগত খাতে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভারত ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য যৌথভাবে আধুনিক যুদ্ধাস্ত্র উৎপাদন এবং নতুন প্রজন্মের সমরাস্ত্রের গবেষণা ও উন্নয়ন।
সূত্রটির দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই দেশ প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করতে পারবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে অস্ত্র সরবরাহ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সে ক্ষেত্রে ভারত বা ইসরায়েলের যেকোনো একটি দেশের জরুরি অস্ত্রের প্রয়োজন দেখা দিলে যৌথভাবে উৎপাদিত সমরাস্ত্র একে-অপরের কাছে সরবরাহ করা সম্ভব হবে।
তবে যৌথ উৎপাদন পরিকল্পনা সম্পর্কে দুই দেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।