অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জুলাই-আগস্টের আন্দোলনে নিহত জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের নৈতিক পরাজয় ও পতন হয়েছে। তাঁর ভাষ্য, বাংলার মাটিতে দলটির রাজনৈতিক অধ্যায় শেষ। এত বড় গণহত্যার পরও আওয়ামী লীগকে দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হলে তা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।
শেখ হাসিনা ও শেখ রেহানার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, শেখ রেহানা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন। তবে রাশেদ খাঁনের দাবি, শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এবং আওয়ামী লীগও দেশ থেকে পালিয়েছে। দলটির কিছু সহযোগী এখনো দেশে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রাব্বীর বাড়িতে যান। সেখানে তিনি রাব্বীর স্ত্রী, সন্তান ও সন্তানহারা মায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পাশাপাশি রাব্বী হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন