চট্টগ্রামের পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। সাইকেল চালকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, পরিবেশবান্ধব যাতায়াত উৎসাহিত করা এবং নগরবাসীর শরীরচর্চার সুযোগ বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ট্র্যাকটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ২ কিলোমিটার বলে প্রকল্পের তথ্যে জানানো হয়েছে। এতে সাইকেল চালানোর আলাদা পথের পাশাপাশি ফুটপাত, সড়কের মাঝখানে বিভাজক ও সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাইকেল শুধু বিনোদনের মাধ্যম নয়; অনেক মানুষ অফিসে যাতায়াত ও দৈনন্দিন কাজেও এটি ব্যবহার করেন। তাই সাইকেল চালকদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা থাকা প্রয়োজন।

তিনি বলেন, নাগরিকদের দৈনন্দিন প্রয়োজন পূরণ করা কোনো বিলাসিতা নয়। একটি সভ্য ও উন্নত দেশে সবার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হয়। অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সাইকেল চালানো শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী। তবে নিরাপদ পথ না থাকায় অনেকে সাইকেল চালাতে আগ্রহী হন না। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সাইকেল চালানোর পাশাপাশি হাঁটার উপযোগী পথ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। বিশেষ করে খালের দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণের জন্য মেয়রকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ করতে পেরে তাঁরা গর্বিত। বিমানবন্দর সড়কে নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ তৈরির লক্ষ্যেই এ ব্যবস্থা করা হয়েছে।

মেয়র জানান, তাঁর হিসাবে ট্র্যাকটির দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। এর দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। পাশাপাশি হাঁটার পথও নির্মাণ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির উন্নয়ন করা হয়েছে। সাইকেল ট্র্যাক ও সৌন্দর্যবর্ধিত হাঁটার পথের পাশাপাশি সড়কের দুই পাশে ফুটপাত এবং মাঝখানে কার্বস্টোন দিয়ে বিভাজক তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।