অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ নম্বর ফ্লাইট দুটি চলাচল করবে না।

শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্লাইট দুটি স্থগিতের বিষয়ে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সঙ্গে পরবর্তী সময়সূচি ও ফ্লাইট পরিচালনার বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হবে।

এ ঘটনায় যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ক্ষতিগ্রস্ত যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করা হবে।