আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শুরুতে সতর্ক থাকলেও পরে ছোট ছোট জুটি গড়ে ইনিংস এগিয়ে নেওয়ার পরিকল্পনায় সফল হয়েছেন আফগান ব্যাটাররা।

দিন শেষে আফগান ওপেনার আব্দুল মালিক জানান, নতুন বলে হাসান মাহমুদ ও ইবাদত হোসেন ভালো লাইন ও লেংথে বল করছিলেন। স্টাম্প লক্ষ্য করে বোলিং করায় শট খেলার মতো পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছিল না।

মালিক বলেন, শুরুতে বাংলাদেশের দুই পেসার নতুন বল দারুণভাবে কাজে লাগিয়েছেন। এ পরিস্থিতিতে সতীর্থ সেদিকুল্লাহর সঙ্গে আলোচনা করে সতর্কভাবে খেলার সিদ্ধান্ত নেন তিনি। তাঁদের লক্ষ্য ছিল উইকেট না হারিয়ে ক্রিজে টিকে থাকা এবং বোলাররা ক্লান্ত হয়ে পড়লে রান তোলার সুযোগ কাজে লাগানো।

আফগান ওপেনার জানান, নতুন বলে সুইং থাকায় শুরু থেকেই জুটি গড়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন তাঁরা। শুরুতে উইকেটে সময় কাটিয়ে পরিস্থিতি বুঝে নেওয়াই ছিল তাঁদের পরিকল্পনা।

পরে রহমত শাহ ক্রিজে আসার পর বল কিছুটা ধীরগতিতে ব্যাটে আসছিল বলে মনে হয় আফগান ব্যাটারদের। তখন বড় লক্ষ্য সামনে না রেখে ছোট ছোট জুটি গড়ে দীর্ঘ সময় ব্যাটিং করার কৌশল নেন তাঁরা।

মালিকের মতে, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলে নেওয়াই ছিল তাঁদের পরিকল্পনার মূল দিক। শুরুতে ধৈর্য ধরে খেলা এবং পরে উইকেটের আচরণ বুঝে রান তোলার চেষ্টা করেন তাঁরা।