
কক্সবাজারের পেকুয়ায় ফছি উল্লাহ মার্কেটের এক ব্যবসায়ীর মালামাল রাখার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় গোডাউনের প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৭০ লাখ থেকে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
টইটং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীবাজার এলাকায় রাত আনুমানিক ২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে। গোডাউনটির স্বত্বাধিকারী ব্যবসায়ী জাবেদ আহমেদ দাবি করেছেন, অগ্নিকাণ্ডে তাঁর ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গোডাউনটিতে একটি ডিলারের মালামাল সংরক্ষণ করা হতো।
টইটং ইউনিয়ন পরিষদের সদস্য কাইছার মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে হাজীবাজার এলাকার এই গোডাউনটিতে ভয়াবহ আগুন লাগে এবং বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পেকুয়া ফায়ার সার্ভিস। পেকুয়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে টইটং হাজীবাজারে একটি ডিলারের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস জানায়, গোডাউনে থাকা প্রায় এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হলেও প্রায় ১০ লাখ টাকার সয়াবিন তেল, দুধসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতার কারণে পাশের ইসলামী ব্যাংক ভবনটি আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।
