
চট্টগ্রামের সাতকানিয়ায় এক নৃশংস পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তুচ্ছ পারিবারিক বিবাদের জের ধরে নিজের জন্মদাতা পিতাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে। গত রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আহমেদ হোসেন (৫২)। তিনি ওই এলাকার জলিল বক্সের ছেলে। ঘটনার পর পরই ঘাতক পুত্র রিয়াদ হোসেন (২৫) পালিয়ে গেলেও দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী ঘটেছিল সেই রাতে?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১০টার দিকে বাবা আহমেদ হোসেনের সাথে তার ছেলে রিয়াদ হোসেনের তীব্র পারিবারিক কলহ শুরু হয়। কলহের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রিয়াদ ধারালো ছুরি দিয়ে বাবার গলার ডান পাশে সজোরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আহমেদ হোসেনকে দ্রুত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবাদের মূল কারণ ও ঘাতকের পূর্ব পরিচয় স্থানীয়রা জানান, সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসে রিয়াদ পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই নিহত বাবার সঙ্গে তার বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই প্রায় এক মাস আগে স্ত্রীকে নিয়ে রিয়াদ শ্বশুরবাড়িতে চলে যান। শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার পরই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটল।
পালিয়েও শেষ রক্ষা হয়নি হত্যাকাণ্ডের পর রিয়াদ হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে খবর পাওয়ার পরপরই সাতকানিয়া থানা পুলিশ অভিযানে নামে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার জানান, ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঘাতক রিয়াদকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘাতক রিয়াদকে বাঁশখালীর পুকুরিয়া চৌমুহনী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত পিতার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত পুত্রকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
