চট্টগ্রামের পতেঙ্গায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। পরে সিমেন্টসহ বোটটি জব্দ করা হয় এবং পাচারকাজে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সিমেন্ট, কাঠের বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।