লোহাগাড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে যুবকের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আবু হেনা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত আটটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরোনো বিওসি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবু হেনা লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট এলাকার সাম মহাজন বাড়ির মৃত আজিজুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠান শেষে দুই ভাইয়ের সঙ্গে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আবু হেনা। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।