নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ববি বেগম।
জানা যায়, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমকে মারধর করে এবং তাঁর দীর্ঘদিনের সঞ্চিত অর্থ লুট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। হামলা ও লুটের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহলে ক্ষোভ প্রকাশ করা হয়। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ববি বেগমের পাশে দাঁড়ায়।
স্টেশন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে নেমে মেথিকান্দা রেলস্টেশনেই থেকে যান ববি বেগম। এরপর থেকে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষই ছিল তাঁর স্থায়ী আশ্রয়। তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাঁকে নিয়মিত খাবার ও আর্থিক সহায়তা দিতেন। সেই সহায়তার একটি বড় অংশ তিনি সঞ্চয় করে রাখতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সঞ্চিত অর্থ লুটের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে এ ঘটনায় আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।