ঢাকা
০৯ জুলাই ২০২৬

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন শাম ওবায়েদ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ৩৬ বার পঠিত
বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন শাম ওবায়েদ

 

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্ধারিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে কাজ চলছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কী বক্তব্য দিয়েছেন, সেটি বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক নয়। তার ভাষ্য, বাংলাদেশের আদালতের রায় অনুযায়ী একজন সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে এ বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রচলিত আন্তর্জাতিক বিধি-বিধান, বন্দি বিনিময় চুক্তি বা প্রযোজ্য আইনি কাঠামোর আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে সংঘটিত বিভিন্ন অভিযোগ—যেমন দুর্নীতি, হত্যা ও গুমের ঘটনাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার দেশের মাটিতেই হওয়া উচিত বলে সরকার মনে করে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও এ প্রক্রিয়ায় সম্পৃক্ত রয়েছে। তাই কূটনৈতিক বা প্রশাসনিক কোনো ঘাটতি রয়েছে বলে তিনি মনে করেন না।

ভারতের সহযোগিতা বা সম্ভাব্য আইনি জটিলতা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা যথাযথভাবেই পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa