
কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক চোখা চোখ ফাঁকি দিতে পারলেও রক্ষা পায়নি বিপুল পরিমাণ বিষাক্ত ইয়াবার চালানের অংশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে সীমান্ত এলাকা আঞ্জুমানপাড়া-ফাইসাখালী পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি-৩৪ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্র জানায়, অন্ধকার রাতে থার্মাল ইমেজিং প্রযুক্তির সাহায্যে ৭ থেকে ৮ জনের একটি সন্দেহভাজন পাচারকারী দলকে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে দায়িত্বরত জোয়ানরা।
উপস্থিতি টের পেয়ে বিজিবি টহল দল তাদের তাৎক্ষণিক চ্যালেঞ্জ করে।
তবে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা সঙ্গে থাকা পাঁচটি বস্তা ফেলে পাশের গ্রামের অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো থেকে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ভর্তি অবস্থায় ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই পালিয়ে যাওয়া পাচারকারীদের আটকে আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত ও তাদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
