
চট্টগ্রাম রাউজানে তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, বন্দুক ও বিপুল পরিমাণ গুলি-কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রাউজান থানা ও পটিয়া থানা পুলিশের সমন্বিত অভিযানে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে প্রথমে জহির আহমেদ (৫২) নামের এক স্থানীয় মুদি দোকানদারকে আটক করা হয়।পরে তার দোকানের রেক থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পটিয়া থানার হাই ঈদগাঁ মাইজপাড়া এলাকা থেকে মো. সাকিবুল ইসলাম (২২) ও মোহাম্মদ রানা নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জহির আহাম্মদ (৫২), পিতা: অলি আহমেদ, ২ নম্বর ওয়ার্ড, নোয়াপাড়া ইউনিয়ন, রাউজান।মোঃ সাকিবুল ইসলাম (২২), পিতা: মোহাম্মদ হাবিব, ৭ নম্বর ওয়ার্ড, নোয়াপাড়া ইউনিয়ন ও মোহাম্মদ রানা।
পুরাতন মামলার সূত্র ধরে আরও অস্ত্র উদ্ধারঅতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল আরও জানান, গত সোমবার (১৭ নভেম্বর) রাউজান থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া আসামি হুমায়ুন উদ্দীনকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।ওই তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর চৌধুরীহাট এলাকার একটি পুকুরপাড় থেকে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এই অস্ত্রগুলো মামলার পলাতক আসামি মহিউদ্দিন লুকিয়ে রেখেছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
