
চট্টগ্রাম বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস শাখা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং কাস্টমস ইন্টেলিজেন্সের একটি যৌথ দল। শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্যের মধ্যে রয়েছে সিগারেট এবং নিষিদ্ধ প্রসাধনী ‘গৌরী ক্রিম’।
শনিবার (২২ নভেম্বর) সকালে দুবাই থেকে আগত দুই যাত্রীর ব্যাগ তল্লাশির পর এসব পণ্য জব্দ করা হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ইএ ১৪৮-এর আটককৃত যাত্রীদের তল্লাশির পর তাদের ব্যাগ থেকে ১৯৯ কার্টুন মন্ড সিগারেট এবং ২৫০ পিস আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সিগারেটের বাজারমূল্য (ডিএম মূল্য) বাবদ ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে এসব পণ্য আনার দায়ে প্রথমে যাত্রীদের আটক করা হলেও, পরবর্তীতে তাদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কর্মকর্তা ইব্রাহীম খলিল আরও জানান, জব্দকৃত সিগারেট ও ক্রিমগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে, আটক দুই যাত্রীকে বিমানবন্দর কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
