
চট্টগ্রামের মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানা এক নববিবাহিত পরিবারের ওপর চললো দুর্ধর্ষ ডাকাতি। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাত দল প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার এবং ২৫ হাজার টাকা নগদ অর্থসহ মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।
জানা যায়, প্রবাসী আব্দুল মান্নানের বড় মেয়ের বিয়ের অনুষ্ঠান সদ্য সমাপ্ত হওয়ায় পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা বেশ পরিশ্রান্ত ছিলেন। ঘটনার রাতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। ঘরের ভেতরে মহিলারা অবস্থান করছিলেন এবং পুরুষ সদস্যরা ছিলেন সামনের বাড়িতে।
রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা উপস্থিত মহিলাদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। এই সময় তারা সকলের কাছে থাকা সমস্ত গহনা খুলে নেয়। ঘরের আলমারি ভাঙা না হলেও, বাইরে রাখা নগদ প্রায় ২৫ হাজার টাকাও নিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগী ফাতেমা জানান, “আমার ছেলের দেওয়া হাতের, কানের, গহনা তারা খুলে নিয়ে নেয়। প্রায় ৫ ভরি স্বর্ণ ছিলো। তারা সামনের দরজা দিয়ে ডুকে আমাদের সব মহিলার হাত পা বেঁধে ফেলে, গলায় চুরি ধরে। না দিলে গলা কেটে হত্যার হুমকি দেয়।”
প্রবাসীর আত্মীয় ও স্থানীয় মেম্বার নুরুল আনোয়ার জানান, “আমরা ক্লান্ত শরীরে পাশের বাড়িতে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৩টার দিকে আমার স্ত্রী ডেকে তুলেন এবং বলেন বোনের বাড়ি থেকে জোরে শব্দ হচ্ছে। তাৎক্ষণিকভাবে দৌঁড়ে এসে দেখি তখনও ঘরের ভেতরে ডাকাতরা ছিলো। সেসময় ডাকাত বলে চিৎকার দিলে গ্রামের লোকেরা আসতে আসতে তারা পেছনের জমি দিয়ে পালিয়ে যায়।”
তিনি আরও জানান যে, বিয়ে উপলক্ষে সকল মহিলার কাছে গহনা থাকায় সবমিলিয়ে প্রায় ১৬-১৭ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশের বাড়ির একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে মুখোশ পরা দুজনকে দেখা যাচ্ছে। আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করতেছি।”
