চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামের শ্রমিকদলের এক নেতাকে ওঁৎ পেতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার-শিলক সড়কে এই লোমহর্ষক ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি এবং তিনি সৌদি প্রবাসী হিসেবে পরিচিত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিহত মান্নান মোটরসাইকেলে চড়ে ক্ষেত্রবাজার থেকে শিলকের উদ্দেশে যাচ্ছিলেন।পথে সরফভাটা এলাকায় আগে থেকেই ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।এতে আব্দুল মান্নান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
তার মৃত্যু নিশ্চিত করেই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।নিহত আব্দুল মান্নান পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে।খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলি করে একজন শ্রমিকদল নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ঘটনার তদন্ত শুরু করেছি। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”