
খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে দুই হাজতি আসামি পালানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটলেও, স্থানীয়দের সহায়তায় দ্রুতই একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।তবে, চুরির মামলার আরেক আসামি এখনও অধরা।
জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল রোববার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে কারাগারের দক্ষিণ দিকের দেয়াল ডিঙিয়ে পালায় দুই হাজতি। কারাগারের দেয়াল টপকে পালানোর পর রাজিব হোসেনকে স্থানীয় লোকজনের সহযোগিতায় খাগড়াছড়ি টিঅ্যান্ডটি গেইটের সামনে থেকে অল্প সময়ের মধ্যেই আটক করা সম্ভব হয়।

তবে, শফিকুল ইসলামকে এখনও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। কারাগারের মতো সুরক্ষিত স্থান থেকে দুই আসামির পালানোর ঘটনা নিয়ে এলাকায় এবং প্রশাসনিক মহলে তৈরি হয়েছে আলোচনা। কীভাবে এই ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
