টিকিট না কেটে ট্রেনে ভ্রমণ করেছিলেন মাহী নামে এক যাত্রী। পরে বিবেকের তাড়নায় সেই ভ্রমণের ভাড়া পরিশোধ করতে বগুড়া রেলওয়ে স্টেশনের কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন তিনি। তাঁর এই উদ্যোগকে সততা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত বুধবার (৭ অক্টোবর) সান্তাহার যাওয়ার সময় তাড়াহুড়ার কারণে টিকিট কাটতে পারেননি বলে চিরকুটে উল্লেখ করেন মাহী। তবে ফেরার পথে টিকিট কেটেছিলেন তিনি। শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়া রেলওয়ে স্টেশনের কাউন্টারে টাকা ও চিরকুটটি রেখে যান ওই যাত্রী।
চিরকুটে মাহী লিখেছেন, ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে আমি সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাচ্ছি।’
চিরকুটে নিজের নাম উল্লেখ করলেও ঠিকানা বা অন্য কোনো পরিচয় দেননি মাহী। ফলে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য ১২ টাকা। তবে মাহী কতজনের ভাড়া বাবদ ৩০ টাকা রেখে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, টাকাটি সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ৩০ টাকা মূল্যের টিকিট কেটে তা ছিঁড়ে ফেলা হবে।
স্টেশন মাস্টার বলেন, যাত্রীর এমন সচেতনতা প্রশংসনীয়। তবে চিরকুটে নামের পাশাপাশি ঠিকানা বা বিস্তারিত পরিচয় থাকলে তাঁকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো সম্ভব হতো।
তিনি আরও বলেন, রেলওয়ে জনগণের সম্পদ। এর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে সবার সচেতন হওয়া প্রয়োজন। ট্রেনে ভ্রমণের সময় টিকিট কাটা প্রত্যেক যাত্রীর দায়িত্ব। মাহীর এই উদ্যোগ অন্যদের মধ্যেও সততা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

মন্তব্য করুন