সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিয়াদে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। আহত ব্যক্তিরা দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার পর সুস্থ থাকা বাংলাদেশিদের দুটি হোটেলে স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তাদের পরিস্থিতির খোঁজ নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪১ জন বাংলাদেশি ওমরাহ যাত্রীর একটি দল রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। তারা সবাই ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। এ সময় বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
হামলায় নিহত দুই বাংলাদেশিকে শনাক্ত করা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া ১১ জন নিখোঁজ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নিখোঁজদের বিষয়ে অনুসন্ধান চলছে। পরিস্থিতির কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন