
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। দিবসটি উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সফল করতে আজ রবিবার (২৬ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক অনন্য অধ্যায়। দিনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন অত্যন্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে দিবসটি উদযাপনে বদ্ধপরিকর।”
প্রস্তুতি সভায় অভ্যুত্থানের প্রতিনিধি ও উপস্থিত অন্যান্য অংশীজনেরা তাঁদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভায় মূল অনুষ্ঠানের ভেন্যু নির্বাচন, সার্বিক রূপরেখা প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
এছাড়া চট্টগ্রাম জেলার বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উক্ত প্রস্তুতি সভায় অংশ নেন।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি!
