
থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবে নিখোঁজ হওয়া পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর আজ রবিবার (২৬ জুলাই) সকাল সাড় ৮টার দিকে তিন্দু বড়পাথর এলাকার তেন্ডুমুখ বিজিবি ক্যাম্প সংলগ্ন নদীর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দীন ও দেলোয়ারা আক্তার দম্পতির ছেলে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড় ৫টার দিকে থানচি উপজেলার পর্যটন এলাকা বড়পাথরে যাত্রীবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা উল্টে গেলে মাহিয়ান সাঙ্গু নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। সংবাদ পেয়ে পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা ৩ সদস্যের একটি বিশেষ ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের ৫ সদস্যসহ মোট ৮ জনের একটি রেসকিউ টিম দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে নদীর দুর্গমতা ও প্রবল স্রোতের কারণে প্রথম দিন তার কোনো সন্ধান মেলেনি।
রবিবার সকালে তেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের কাছের নদীর ঘাটে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে খবর দেন। পরবর্তীতে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে যান। বর্তমানে মরদেহটি টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়ার কাজ শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
৩০ জুলাই পর্যন্ত নৌপথ বন্ধের নির্দেশ:
এদিকে সাঙ্গু নদীতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও পর্যটকদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। থানচি উপজেলা সদর থেকে তিন্দু নদীপথে আগামী ৩০ জুলাই পর্যন্ত সব ধরনের নৌযান ও পর্যটকবাহী নৌকা চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
