
চট্টগ্রামের বোয়ালখালীতে নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালিয়ে চারটি তাজা ককটেল, দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন নেতাকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃতদের মধ্যে ক্ষমতাসীন দল যুবলীগ ও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত দুই নেতা এবং ইসলামী ফ্রন্ট-এর এক নেতা রয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার জামতল এলাকায় এই অভিযান চালানো হয়। বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ এই খবর নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমীন (৪৬), মৃত আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাছের জিলানী (৫২) ও মো. জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (৪২)।
সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃত নুরুল আমীন যুবলীগ, মোহাম্মদ শাহাদাত হোসেন আওয়ামী রাজনীতির সঙ্গে এবং আবু নাছের জিলানী ইসলামী ফ্রন্টের রাজনীতির সাথে যুক্ত।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১টি দেশিয় তৈরি বন্দুক, ১টি তাজা কার্তুজ, ১টি হিরো গ্লামার মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট এবং নগদ ৮৯ হাজার ২৮ টাকা জব্দ করা হয়।
আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, “নাশকতা করার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকায় একটি খামারে অবস্থান করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম কধুরখীলের তিনজনকে আটক করা হয়।”
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।সেনা কর্মকর্তা আরও জানান, আটককৃতদের মধ্যে নুরুল আমীনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেট সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
