ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। ওই বক্তব্যের প্রতিবাদে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার হয়েছিলেন। ছাত্রদলের দাবি, বাংলার স্বাধিকার আন্দোলনের গুরুত্বপূর্ণ সূতিকাগার ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের প্রতি অবমাননা।

ছাত্রদল অভিযোগ করে, বর্তমান ডাকসু নেতৃত্ব শিক্ষার্থীদের আবাসন সংকট, অধিকার ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পরিবর্তে দলীয় ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নে বেশি মনোযোগ দিচ্ছে।

বিবৃতিতে মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ এবং ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও মুক্তিকামী চেতনাকে বিকৃত করার অপচেষ্টা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অবিলম্বে অপসারণ করতে হবে। একই সঙ্গে ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধের দাবি জানান তারা।

তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনা, স্মারক ও ঐতিহ্য রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।