সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকা থেকে জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটের দিকে মোগলাবাজার থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে পাঠায়।
জাকির হোসেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ফুলভরী গ্রামের আব্দুল হোসেনের ছেলে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান, গোটাটিকর এলাকার লিংকন মিয়ার কলোনীতে জাকির হোসেন নামের এক ব্যক্তি গলায় রশি বেঁধে নিজ বসত কক্ষে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা পুলিশকে জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৮
