মৌলভীবাজারে রাঙ্গাউটি রিসোর্টের গেইটের সামন থেকে ছিনতাইকারী সন্দেহে জসিম উদ্দিন( ৪৫)কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জসিমকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং- ০৫, তারিখ ১০/০৩/২১ইং, ধারা আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এর ৪(১)/৫) দায়ের করেছেন কমলগঞ্জ উপজেলার বান্ডারীগাঁও গ্রামের মোঃ আব্দুল হান্নান।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১০ মার্চ দুপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের নিকট গোপন সংবাদ আসে রাঙ্গাউটি রিসোর্টের গেইটের সামনে ১শ পিছ ইয়াবা ট্যবলেটসহ এক ব্যক্তিকে জনসাধারণ আটক করে রেখেছেন। এই সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তাৎক্ষণিক ঘটনার বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। ডিবি পুলিশ জানতে পারে মোঃ আব্দুল হান্নানকে পথরোধ করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন তাকে মোটর সাইকেলসহ আটক করেন। ডিবি পুলিশ ঘটনার পরিস্থিতি পরিলক্ষিত করে সদর মডেল থানাকে জানালে থানার টহলরত পুলিশ এস আই সুশান্ত পাল ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জসিমকে মোটর সাইকেলসহ থানায় নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ জানান, সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার ভিন্নতা লক্ষ্য করায় মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।