ব্রিটেনে নফল রোজা রেখে ইফতার করা হলোনা সিলেটের আব্দুর রহমান ময়ুম ও তার স্ত্রীর। মোটরওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই দম্পতি। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বার্মিংহামের একটি মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আবদুর রহমান ময়ূম (৪৫) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৭)। পাপিয়া বেগমে বাবার বাড়ি সিলেটের মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা গ্রামে এবং আবদুর রহমান ময়ুমের বাড়ি রাজনগর উপজেলার বিনয়শ্রী (কদমহাটা) গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশে বসবাসকারি নিহত পাপিয়া বেগমের ফুফাতো ভাই মো. আলাম।
তাদের স্বজনরা জানান, আব্দুর রহমান ময়ূম ও পাপিয়া বেগম ১৯৯৩ সাল থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি একজন ব্যবসায়ী। মঙ্গলবার নফল রোজা রেখে বার্মিংহাম এলাকার একটি বাড়িতে খাবার ডেলিভারি দিতে যান তারা। ডেলিভারি দিয়ে ফিরেই ইফতার করার কথা ছিল তাদের। এসময় ফেরার পথে তাদের গাড়ি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হয়। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
এদিকে, খবর দেশে আসলে তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। দেশের বাড়িতে আব্দুর রহমান ময়ূমের এক বড় ভাই বসবাস করেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৪
