সিলেট বিমানবন্দর থানাধীন হিলুয়াছড়া চা বাগান এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চ্যলকর হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সৈয়দ মাহবুবুর রহমান অভিযান চালিয়ে বিষ্ণু বাউরি ওরফে কইশাকে (৫০) গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত কইশা বিমানবন্দর থানার তেলিহাটি গ্রামস্থ হিলুয়াছড়া চা বাগানের মৃত ঠান্ডা রাম বাউরির ছেলে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত বিষ্ণু বাউরি ওরফে কইশাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি (তদন্ত) সৈয়দ মাহবুবুর রহমান। তিনি বলেন, গত বছরের ২০ মার্চ তেলিহাটি হিলুয়াছড়া চা বাগান এলাকায় একজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার ঘটনায় থানায় গোলাপ বাউরি নামের এক ব্যক্তি হত্যার অভিযোগ এনে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে বিষ্ণু বাউরি ওরফে কইশার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করেছে।