পটুয়াখালীর বাউফলে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন এবং ব্যাক্তিগত মিলিয়ে বাউফলে প্রায় তিন শত পূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
সরস্বতী পূজা উপলক্ষে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা নতুন সাজে সজ্জিত হয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে সমবেত হয়। সকাল ৮ টা থেকেই পূজা শুরু হয়।
পূজা শেষে মায়ের চরণে অঞ্জলী প্রদান এবং সু-শিক্ষা, সু-জ্ঞান, সু-কণ্ঠ, শু-শ্রী, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামণা করে প্রার্থণা করা হয়। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের হলেও অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থীরাও উৎসবে যোগ দেয়।
করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও সরস্বতী পূজাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিত হতে পেরে উচ্ছাসে মেতে ওঠে। আয়োজন করা হয় নানা ধরণের মিষ্টি সামগ্রী, ফল এবং খিচুরি দিয়ে অপ্যায়ণের।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বাউফলে অনেক স্থানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ব্যাক্তিগতভাবে বিভিন্ন বাড়িতেও সরস্বতী পূজার আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক অতুল চন্দ্র পাল জানান, বাউফলে প্রায় তিনশত সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বাউফলের কালাইয়া কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ এবং কালাইয়া গার্লস স্কুলের সহকারি প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস জানান, সনাতন ধর্মামলম্বীদের মতে দেবী সরস্বতী হচ্ছেন বিদ্যাদেবী। লেখাপড়া, সঙ্গীত, নৃত্য, চিত্রাংকণ ইত্যাদি সকল ধরণের কলা’র অধিষ্ঠ্যাত্রি হচ্ছেন দেবী সরস্বতী। এজন্য তার করুণা পাওয়ার জন্যই আমরা এই পূজা করে থাকি।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৬