খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার ও প্রশাসনের দুর্নীতি তদন্তের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’। এর আগে একই দাবিতে বেলা ১১টায় মৌন মিছিল ও মানববন্ধন করেন রাবি শিক্ষার্থীরা।

কর্মসূচিতে বক্তারা আগামী সাত ফেব্রুয়ারীর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদেরর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে খুবি’র সিন্ডিকেটকে অবৈধ দাবি করে দ্রুত বাতিলের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে একজন শিক্ষার্থীর আবাসন, স্বাস্থ্যসুরক্ষা, মুক্ত জ্ঞান চর্চার অধিকার রয়েছে, রয়েছে বাক স্বাধীনতার। এই অধিকার নিয়ে যখন শিক্ষার্থীরা কথা বলতে শুরু করলো, তখনই শিক্ষার্থীদের প্রতিহত করতে তাদের মধ্য থেকে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করলো খুবি প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কথা বলায় আরও তিনজন শিক্ষককে বহিষ্কার করা হলো! এই ধরণের আচরণ একটি গণতান্ত্রীক রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করে।

বক্তারা আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন ক্ষমতান্ধ, ক্ষমতার বিকারগ্রস্থকারী, যিনি নিখাদ ব্যক্তিগত রাগ, বিদ্বেষ, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনজন শিক্ষককে চাকরিচ্যুত করেছেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা খুবি প্রসাশনের এমন ন্যাক্কারজনক কাজের তীব্র প্রতিবাদ জানায়।

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী প্রমুখ। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।