বি-টাউনের নজর এখন আনুশকা শর্মার আর কারিনা কাপুরের দিকে। কারণটা অনেকেরই জানা। প্রথমবার মা হতে যাচ্ছেন আনুশকা। অন্যদিকে, দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন কারিনা।

২০১৭ সালে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেছিলেন আনুশকা। লম্বা সময় চুটিয়ে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। বিয়ের পর এ জুটিকে নিয়ে বেশ আলোচনা হয়েছে বি-টাউনে। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান জন্ম দেওয়ার খবরটি জানিয়েছিলেন বিরাট।

২০২১ সালের জানুয়ারিতেই সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে আনুশকার। শেষ সময়ে সবকিছু প্রস্তুতও রেখেছেন বিরাট। শোনা যাচ্ছে- ১৪ জানুয়ারি সন্তান জন্ম দিতে পারেন আনুশকা। এদিকে, ভারতের এক খ্যাতনামা জ্যোতিষী ‘ফেস রিড’ করে বলেছেন, কন্যা সন্তান জন্ম দিবেন আনুশকা।

ওদিকে, ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর প্রথম সন্তান জন্ম দেন কারিনা। সাইফ-কারিনা দম্পতির প্রথম ছেলের নাম তৈমুর আলি খান। সম্প্রতি চার বছরে পা দিয়েছে তৈমুর। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনামে এসেছে তার নাম।

বলিউড সংশ্লিষ্ট গণমাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছর মার্চে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে কারিনার। গেল বছর ১২ আগস্ট কারিনার দ্বিতীয়বার মা হওয়ার কথা জানান সাইফ আলি খান।

এদিকে, প্রথম সন্তানকে লাইমলাইটে আনতে চান না বিরাট-আনুশকা। সাধারণ হিসেবেই গড়ে তুলতে চান তাকে। স্বামীর সঙ্গে আলাপ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন আনুশকা। আর প্রথম সন্তান তৈমুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের এত আলোচনায় বিরক্ত সাইফ-কারিনা। সাইফের মা শর্মিলা ঠাকুর মনে করেন, আনুশকার সন্তান জন্ম নেওয়ার পর তৈমুর দিক থেকে নজর সরে যাবে।