সিলেটের সুনামগঞ্জ এলাকা থেকে তক্ষক ও ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (১ জানুয়ারী) বিশ্বম্ভরপুর থানার লক্ষীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: মজনু মিয়া (২৯) সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর থানার লক্ষীপাড় গ্রামের মো: আব্দুল হাই’র পুত্র।

র‌্যাব জানায়, শুক্রাবার (১ জানুয়ারী) সকাল ৯ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমেদ এবং এএসপি মোঃ আব্দুল্লাহ-এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার লক্ষীরপাড় গ্রামে অভিযান পরিচালনা করে পাচারকারী মো: মজনু মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী “তক্ষক”(টক্কা) ও ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে।

উদ্ধারকৃত আলামত এবং আসামীকে বিশ্বম্ভরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন মূলে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।