সিলেটের দরবস্তবাজারে সিলেটগামী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক পর্যটক নিহত ও অনন্ত: ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পর্যটক গোলাম মোস্তফা (৩৮) ঢাকার চাঙ্গারপুল এলাকার মৃত আজিজ বেপারীর পুত্র। তাৎক্ষণিকভাবে আহত মাইক্রোবাসের চালকসহ আরও ৬ জনের নাম পরিচয় জানা যায়নি । আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সিলেটের জাফলংয়ে ঘুরার জন্য ঢাকা থেকে মোস্তফাসহ সহপাঠীরা বুধবার রাতে রওয়ানা হন। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি শাহপরাণ থানা এলাকার দরবস্থ বাজারে আসা মাত্রই সিলেট গামী বালুভর্তি ডাম্প ট্রাক (ঢাকা মেট্রো ড- ১৪-৬৬৫১) চলন্ত অবস্থায় বিপরীত দিকে চলে যাওয়ায় মাইক্রোবাস ( ঢাকা মেট্রো চ-১৫- ৫৪১৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হন মাইক্রোবাস যাত্রী গোলাম মোস্তফা। তাকে গুরুতর আহতবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের এএসআই আব্দুল মালেক।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাক ও হাইয়েসকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এসময় পুলিশ ঘাতক ট্রাকের কাউকে আটক করতে পারেনি। তারা ঘটনার পর পরই পালিয়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ৬ জন যাত্রী আহত হন। জাফলংয়ে বেড়ানোর জন্য সিলেটে তারা ১০জন আসেন।