রাজধানীর গুলশানে কোকাকোলা মোড়ে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪৫) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ আকন গণমাধ্যমকে জানান, ভোরে মজনুসহ তার এক সহযোগী ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় কোকাকোলা মোড় এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মজনুর মৃত্যু হয়। এ সময় তার সহযোগী ও ভ্যানচালক সামান্য আহত হয়েছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।