সিলেটে ধর্মঘটের ৬০ ঘণ্টা পর পিছু হটেছে পরিবহন ধর্মঘটের হোতারা। তারা বলছেন, বড়দিন ও শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা মানুষের কথা চিন্তা করে ১২ ঘণ্টা আগেই ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও মাজার জিয়ারতে আসা মানুষের কথা চিন্তা করে ধর্মঘট স্থগিত করা হয়েছে।
সিলেটে সব পাথর কোয়ারি চালুর দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন শুরু করে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ। পাথর কোয়ারি বন্ধে উচ্চ আদালতের নির্দেশের পর কোয়ারি খুলে দেয়ার দাবিতে এ ধর্মঘট আহবান করে তারা।
এ ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েন সিলেটবাসী। পরিবহন ধর্মঘটের ফলে সিলেটের সঙ্গে দূরপাল্লার বাস যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। এমনকি বিআরটিসি বাস চলাচলেও বাধা দেয় ধর্মঘট আহ্বানকারীরা। তবে ধর্মঘট স্থগিতের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে বাস চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটে গত মঙ্গলবার সকাল থেকে তিন দিনের ধর্মঘট শুরু করে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ, বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও পাথর ব্যবসায়ী মালিক ঐক্য পরিষদ।
পরিবেশের বিপর্যয় ঠেকাতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছানাকান্দি ও লোভাছড়ার পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে ২০১৪ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে সব ধরনের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেন উচ্চ আদালত।
সরকারের নিষেধাজ্ঞার পর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি চেয়ে আন্দোলন করে আসছেন পাথর ব্যবসায়ীরা। পরে আন্দোলনে তাদের সঙ্গে যুক্ত হন পরিবহন ব্যবসায়ীরাও। একাধিক বিক্ষোভ-সমাবেশ করার পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকা হয়।
