রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ষোড়শ শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে দিবসটি স্মরণে রাবি বঙ্গবন্ধু পরিষদ বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন থেকে একটি শোক র‌্যালি বিনোদপুরে মরহুমের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে গমন করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এসময় অধ্যাপক ইউনূসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র’র সঞ্চালনায় শোক র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ২০০৪ সালে ২৪ ডিসেম্বরের এই দিনে রাবি বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরে কতিপয় ঘাতক নির্মমভাবে হত্যা করে। এসময় অধ্যাপক ইউনুস হত্যার বিচারের পূর্ণাঙ্গ রায় দ্রুত বাস্তবায়নসহ তার স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বরে একটি স্থায়ী স্মৃতিফলক নির্মাণের দাবি জানান তারা।

অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় অন্যদের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুদ্দিন আহমেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রোস্তম আলী, রাবি উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।